ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

ads

ব্রাজিল স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে। উষ্ণতার বৃদ্ধি এবং মশাবাহিত রোগ ডেঙ্গুর সম্প্রসারণের প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছে।

ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের জন্য বুটানটান–ডিভি নামের এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত বুটানটান ইনস্টিটিউট।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ডেঙ্গুর একমাত্র অনুমোদিত টিকা হলো টিএকে–০০৩, যা দুটি ডোজে নেওয়া হয় তিন মাস ব্যবধানে। অন্যদিকে ব্রাজিলে অনুমোদিত এই নতুন টিকাটি শুধু এক ডোজেই কার্যকর। আট মাস ধরে দেশজুড়ে পরীক্ষা-নিরীক্ষার পর এই অনুমোদন দেওয়া হয়েছে, যা দ্রুত ও সহজভাবে দেশজুড়ে টিকা প্রদানকে সম্ভব করবে।


সাও পাওলোয়ে এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ‘ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করেছে, তার বিরুদ্ধে এখন একটি শক্তিশালী অস্ত্র হাতে পাব।’


টিকাটির উৎপাদনের জন্য ব্রাজিল চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স-এর সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা প্রস্তুত করে দেওয়া হবে।


এই টিকা ব্যবহারের অনুমোদনের আগে ব্রাজিলে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। পরীক্ষায় দেখা গেছে, গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা ৯১.৬ শতাংশ। ডেঙ্গু রোগ মানুষের মধ্যে এডিস এজিপ্টি মশার মাধ্যমে সংক্রমিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এপর্যন্ত বিশ্বে ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। গত বছর এসব মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে।


এ ছাড়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, চলতি বছরের ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়ন।

ads
ads
ads

Our Facebook Page